এটা গোটা বাংলাদেশের অর্জন :শাকিব

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০০:১৯

ঢালিউড সুপারস্টার শাকিব খান বরাবরই বলে এসেছেন বাংলা ছবিকে তিনি সারাবিশ্বে ছড়িয়ে দিতে চান। বলা চলে, ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে যাওয়া এই অভিনেতার স্বপ্ন এবার আরো একধাপ এগিয়ে গেল। বিশ্বের অন্যতম ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজনের ‘প্রাইম ভিডিও’ বিভাগে যুক্ত হলো শাকিবের তিন ছবি। ভারতীয় নির্মাতাদের নির্মিত নাম ‘শিকারি’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ ছবিগুলো আম্যাজনে প্রদর্শিত হচ্ছে বলে নিশ্চিত করে এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বলেন, ‘আমার ৫০টি সিনেমা দিয়েছি অ্যামাজনকে। তার মধ্যে শাকিবের দুটি রয়েছে। সিনেমাগুলো অ্যামাজন প্রাইম অ্যাপে দেখতে পারছেন দর্শকরা। বৈশ্বিক বাজারে বাংলা সিনেমার জন্য এই মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ।’ তবে কত টাকা মূলে ছবিগুলো বিক্রি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি এই নির্মাতা। নতুন বছরের শুরুতেই এমন খবর শাকিব ভক্তদের জন্য বিশেষ উপহারই বটে। শাকিব খান বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের দেশের চলচ্চিত্রের জন্য দারুণ সুখবর। বলতে পারেন, এটা গোটা বাংলাদেশের অর্জন। আমার দেশের সিনেমা শুধু আমার দেশের গণ্ডির মধ্যেই থাকবে না, এই মনোভাব নিয়ে আমি অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি। অ্যামাজনে আমার ছবি প্রদর্শিত হচ্ছে এটা শুধু আমার নয় দেশের চলচ্চিত্রের জন্যও ইতিবাচক দিক। এভাবেই ইনশাআল্লাহ আমার দেশের সিনেমা বিশ্ববাজারে পৌঁছে যাবে।’