মাঠে ফিরেছেন সাকিব

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০৯:৩৯

যুক্তরাষ্ট্র থেকে গত ৩ জানুয়ারি দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে ওয়ানডে, টেস্টের প্রাথমিক দলে আছেন তিনি। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে এই বাঁহাতি অলরাউন্ডারের। গতকাল অনুশীলনে ফিরেছেন সাকিব। মিরপুর স্টেডিয়ামে এসে জিম করেছেন, পরে ব্যাট হাতে কিছুক্ষণ নকিং করেন তিনি।

সাকিবের মাঠে ফেরার দিনে অবশ্য বেশিরভাগ ক্রিকেটারই বাসায় ছিলেন। হোম সিরিজের জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী গতকাল করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। সবার বাসা থেকে নমুনা নেওয়া হয়েছে। আগামীকাল আবারও নমুনা দিবেন প্রাথমিক দলের ক্রিকেটাররা। পরপর দুই বার নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ১০ জানুয়ারি টিম হোটেলে ওঠে যাবেন সবাই।

গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে মাথায় রেখে আমাদের কোভিড প্রটোকল অনুযায়ী কার্যক্রম এরই মধ্যেই শুরু হয়ে গিয়েছে। খেলোয়াড়দের বাসায় গিয়ে নমুনা নেওয়ার কথা।’

ইত্তেফাক/এমআর