অবশেষে সেঞ্চুরি স্মিথের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১০:০৫

২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে তিনিই ছিলেন সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। ভারতের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিসহ মোট তিনবার শতরানের মাইলফলক অতিক্রম করেছেন অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। কিন্তু টেস্ট ক্রিকেটে সেই মাইলফলক পার করতে পারছিলান না। অবশেষে সিডনী টেস্টে দেখা মিলল তিন অঙ্কের জাদুকরী ইনিংসের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নেমে সাবলীল ব্যাটিংয়ে তুলে নিলেন ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি। তার ব্যাটে চড়েই ভারতীয়দের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাচ্ছে অস্ট্রেলিয়া।

সাদা পোশাকের ক্রিকেটে স্মিথের সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। সেবার এশেজ সিরিজের ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ২১১ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এ ব্যাটিং মায়েস্ত্রো। এরপরের ১৬ মাসে খেলা ১৪ ইনিংসে চারবার পঞ্চাশ পেরোলেও, সেঞ্চুরির দেখা পাননি একবারও।

বিশেষ করে চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম চার ইনিংসে তার রানগুলো ছিল যথাক্রমে ১, ১*, ০ ও ৮; পুরো ক্যারিয়ারে আর কখনও টানা চার ইনিংস মিলে দশের কম রান করেননি তিনি। স্মিথের মতো একজন ব্যাটসম্যানের এমন পারফরম্যান্স চিন্তার ভাজ ফেলেছিল অসি টিম ম্যানেজম্যান্টের কপালেও।

টেস্ট ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরিতে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হলেন স্মিথ; তার লেগেছে ১৩৬ ইনিংস। মাত্র ৭০ ইনিংসে ২৭ সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের দখলে রেখেছেন স্যার ডন ব্র্যাডম্যান। স্মিথের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের অধিনায়ক বিরাট কোহলি ২৭ সেঞ্চুরি করতে খেলেছিলেন ১৪১ ইনিংস।

তবে সেঞ্চুরি করে বেশিদূর যেতে পারেননি তিনি। ১৩১ রানেই থেমে যায় তার ইনিংস। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়েছে।

ইত্তেফাক/টিআর