স্পোর্টস রিপোর্টার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষা করছে বিসিবি। প্রথম দফায় বাংলাদেশের প্রাথমিক দলের ক্রিকেটারসহ সবাই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। জৈব সুরক্ষা বলয়ের অংশ হিসেবে এই পরীক্ষা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন ক্রিকেটাররা। তার আগে দলের সাপোর্ট স্টাফ, টিম বয়, বাসের চালক, হোটেলের কর্মীদের পরীক্ষা করা হয়েছিল।
প্রায় ২০০-এর বেশি মানুষের করোনা পরীক্ষা করছে বিসিবি। গ্রাউন্ডসম্যানরাও রয়েছেন এই তালিকায়। গতকাল টিম হোটেলের প্রায় ৭৮ জন কর্মীর দ্বিতীয় দফায় করোনার নমুনা নেওয়া হয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হবে আজ। নেগেটিভ রিপোর্ট পেলে ১০ জানুয়ারি ক্রিকেটাররা হোটেলে উঠবেন।
গতকাল দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এখানে আমরা গত ৫ তারিখ থেকে করোনা পরীক্ষা করছি। নির্ধারিত সংখ্যা বলতে পারছি না, ক্রিকেটারসহ ২০০-এর বেশি মানুষ আছেন এখানে। গ্রাউন্ডসম্যানও আছে। আজও (গতকাল) হোটেলে স্টাফদের নমুনা নেওয়া হয়েছে দ্বিতীয় বার। সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট সবারই দুই বার পরীক্ষা হবে। দ্বিতীয় দফায় নেগেটিভ রিপোর্ট পেলে ১০ জানুয়ারি ক্রিকেটাররা হোটেলে উঠবেন। তারপর থেকে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন।’
