স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রামে বিসিবি একাদশের বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির সূচি পরিবর্তন হয়েছে। পূর্ব সূচি অনুযায়ী ম্যাচ শুরুর কথা ছিল ২৮ জানুয়ারি। কিন্তু পরিবর্তিত সূচিতে ম্যাচ শুরু হবে ২৯ জানুয়ারি।
ম্যাচের দৈর্ঘ্যও এক দিন কমে গেছে। চার দিনের বদলে উইন্ডিজদের প্রস্তুতি ম্যাচটি হবে তিন দিনের। মূলত চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের (চসিক) কারণেই এই পরিবর্তন এনেছে বিসিবি। ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ব্যবহার হবে এম এ আজিজ স্টেডিয়ামের কাঠামো। তবে মূল মাঠ সংরক্ষিতই থাকবে। নির্বাচনের পরদিনও স্টেডিয়াম এলাকায় ব্যস্ততা থাকতে পারে। তাই বিসিবি ম্যাচটি শুরু করতে চায় ২৯ জানুয়ারি। গতকাল বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন। চার দিনের ম্যাচটি তিন দিনে নামিয়ে আনায় আপত্তি নেই ক্যারিবিয়ানদেরও।
