কাল আসছে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
ক্রীড়াঙ্গনে এমন ঘটনা আর অস্বাভাবিক নয়। করোনার কারণে ম্যাচের আগেই ছিটকে পড়তে হয়েছে অনেক খেলোয়াড়কে। তেমনই বাংলাদেশ সফর শুরুর আগেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড। করোনা আক্রান্ত হওয়ায় তাকে ছাড়াই কাল বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানরা।
আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরেরও বেশি সময় খেলা শেফার্ডকে ওয়ানডে স্কোয়াডে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু এখন গায়ানায় নিজ বাসায় আইসোলেশনে থাকতে হচ্ছে ২৬ বছর বয়সি এই অলরাউন্ডারকে। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন অনভিষিক্ত তরুণ পেসার কিওন হার্ডিং।
বাংলাদেশে আসার আগে স্কোয়াড ও স্টাফদের দুই বার করোনা পরীক্ষা করিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দফায় গত শনিবার সবার রিপোর্টই নেগেটিভ এসেছে, আর গত বৃহস্পতিবার আবার পরীক্ষা দেন সবাই।
তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। করোনা ভীতি ও ব্যক্তিগত কারণে সফর থেকে সরে দাঁড়িয়েছেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডসহ নিয়মিত ১০ ক্রিকেটার।
এমন সিদ্ধান্ত নেওয়ায় তাদের ওপর খেপেছেন সাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান ড্যারেন গঙ্গা। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তাদের দায়বদ্ধতা দেখানো উচিত। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষকেরা বাংলাদেশকে নিরাপদ বলে এসেছেন। তাদের ওপর তো বিশ্বাস রাখতে হবে।’
কাল ঢাকায় পা রেখে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবে ক্যারিবিয়ান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি হবে মিরপুরে ২০ ও ২২ জানুয়ারি। শেষ ম্যাচটি হবে ২৫ জানুয়ারি চট্টগ্রামে। একই ভেন্যুতে ৩ ফেব্রুয়ারি শুরু সিরিজের প্রথম টেস্ট। আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি মিরপুরে। ওয়ানডে ও টেস্ট সিরিজের আগে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
