লিগ কমিটির জরুরি সভায় আজ সিদ্ধান্ত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২১:৫৬

প্রিমিয়ার লিগে খেলছে ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার

দলবদলে খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় পার হয়ে যাওয়ার পর ব্রাদার্স ইউনিয়ন তাদের খেলোয়াড় তালিকা জমা দিয়েছিল। নিয়ম না মানার কারণে বিপদে পড়েছিল ব্রাদার্স। তার পরও ব্রাদার্সকে ফেডারেশন কাপ ফুটবলে খেলার সুযোগ করে দিয়েছিল বাফুফে। তখন বলা হয়েছিল লিগের বিষয়টি পরে জানানো হবে। এখন শোনা যাচ্ছে ব্রাদার্স লিগে খেলতে পারবে। ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খান বৃস্পতিবার জানিয়েছিলেন তারা খেলতে পারবেন না। পালটা প্রশ্ন করলেন কেন খেলতে পারব না। না পারার কি আছে। ম্যানেজারের কথায় স্পষ্ট ব্রাদার্সের জন্য বাফুফের দুয়ার খোলা। বিষয়টি আরো স্পষ্ট হয়েছে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর কথায়। ব্রাদার্সের বিষয়ে সালাম মুর্শেদীর কণ্ঠে নরম সুর। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে চান। যদিও প্রথমে বলে নিয়েছেন বিষয়টি একটি কমিটির অধীনে। তারা একটা রিপোর্ট তৈরি করে জমা দেবে। তখন গিয়ে আলোচনা হবে। সালাম মুর্শেদী মনে করেন কোভিডের কারণে অনেক ধরনের সমস্যা হয়েছে। সালাম মুর্শেদী যদি কোভিডের কথা বলেন তাহলে অনেক ক্লাবই কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত। শুধু তাই নয়, ক্যাসিনো কাণ্ডে পাঁচ-ছয়টা ক্লাব বন্ধ হয়ে গেছে। তারা স্বাভাবিক কার্যক্রমও চালাতে পারছে না। তার পরও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দল গঠন করতে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছে। প্রতিকূলতার মধ্যেও ক্লাবগুলা নিয়ম ভাঙেনি। সালাম মুর্শেদী আশাবাদী মানুষ। তিনি সবযুক্তি মানলেও চোখ রাখছেন খেলোয়াড়দের দিকে। বললেন, ‘ব্রাদার্স যদি খেলতে না পারে তাহলে ৩০ জন খেলোয়াড়ের ক্ষতি হবে। এই ফুটবলাররা ক্ষতিগ্রস্ত হবেন। অনেক বিষয় থাকে তা বিবেচনা করতে হয়। আমি জানি না মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়। আগে রিপোর্ট আসুক তারপর এটা নিয়ে চূড়ান্ত কিছু বলা যাবে না।’ ব্রাদার্সের ম্যানেজার আমের খান বললেন, ‘যদি খেলতে না দেয়, না দেবে। সবকষ্ট হতে আমরা বেঁচে গেলাম। আরো কত ভুল হয় সেগুলো নিয়ে কথা হয় না। আর আমরা একটা কি করেছি তাতেই এত কথা।’ ফেডারেশন কাপ ফুটবল হতে ব্রাদার্স গ্রুপ পর্বেই বিদায় নেয়। ১১ গোল হজম করে ব্রাদার্স। লিগ কমিটি আজ জরুরি সভা ডেকেছে। ব্রাদার্স ইস্যু লিগ কমিটির সভায় উঠবে। ব্রাদার্সের বিষয়টি ছাড়াও লিগের ভেন্যু এবং লিগের ফিকশ্চার নিয়ে কথা হবে।