‘যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন আসবে’

করোনা মোকাবিলায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো --------------- তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৩৫

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা করোনা মহামারির শুরুতে নানা শঙ্কা-আশঙ্কার কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে তারা এখন ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা করোনার শুরুতে বলেছিল বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে। অনাহারে-অর্ধাহারে মানুষ মৃত্যুবরণ করবে। তাদের সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। করোনা মোকাবিলায় এই উপমহাদেশে আমরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সক্ষমতার দিক থেকে করোনা মোকাবিলায় সবার ওপরে আমাদের অবস্থান এবং পুরো পৃথিবীতে ২০তম। গতকাল শুক্রবার দুপুরে তিনি রংপুর বিটিভি উপকেন্দ্র পরিদর্শনে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই, চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন আসবে। ভ্যাকসিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে সেরাম ইনস্টিটিউট বিবৃতি দিয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছে।

তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা নিয়ে কাজ করে বিশ্বের অনেক উন্নত দেশে এমন স্বাধীনতা পায় না।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান,  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন দত্ত, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।