ধর্ষণের অভিযোগে সাভারে চার জন ও নবীনগরে এক জন গ্রেফতার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ২২:৩৬

ঢাকার সাভারে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে খানকা শরিফের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার, সাভার জানান, গতকাল শুক্রবার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তার অভিযোগে বাড়ির মালিকসহ ওই চার জনকে গ্রেফতার করা হয়। এঘটনায় অজ্ঞাত পরিচয় দুই ধর্ষক পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা হলো-সাভার পৌরসভার আনন্দপুর মহল্লার বাড়ির মালিক মো. রুবেল আহম্মেদ, বাড়ির কেয়ারটেকার মো. ফিরোজ তালুকদার, প্রতিবেশী ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. সুমন হোসেন ও তার স্ত্রী নিলুফা আক্তার।

জানা যায়, ভুক্তভোগী ঐ নারী দীর্ঘ পাঁচ মাস ধরে রুবেল আহম্মেদের মালিকানাধীন ওই ফ্ল্যাটে বসবাস করে আসছেন। সেই সুবাদে বাড়ির মালিকের পরিচিত দুই ব্যক্তি বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার দুপুরে ঐ দুই ব্যক্তি বাড়ির মালিক ও কেয়ারটেকারের সহায়তায় বাড়ির ভেতরে প্রবেশ করে ঐ নারীর কক্ষে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ধর্ষণে সহায়তার অভিযোগে শুক্রবার ঐ চার জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দুই ধর্ষককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা সিরাজুল ইসলাম (৫০) নামে খানকা শরিফের এক ইমামকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল উলায়া খানকা শরিফের প্রধান পরিচালক ও সেখানকার মসজিদের ইমাম। গত বৃহস্পতিবার রাতে ধর্ষিতা নবীনগর থানায় ওই মাওলানার বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, ধর্ষিতা ঐ নারী বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা। দুই সন্তানের জননী ঐ নারী অভিযোগে জানান, দুই মাস আগে খানকা শরিফে তার পাঁচ বছরের শিশুকন্যার জন্য তাবিজ আনতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন মাওলানা সিরাজুল ইসলাম। পরে এ বিষয়ে কারো কাছে কিছু বললে কিংবা অভিযোগ দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কিন্তু ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় স্বামীর বাড়ির লোকজন বিষয়টি জেনে যায়। নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে।