পাসপোর্টসেবাকে আরো গতিশীল করার আহ্বান জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী। বৃহস্পতিবার উত্তরায় পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্সে ডিআইপি ও ই-পাসপোর্ট কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি করোনা মহামারিতে পাসপোর্টসেবা অব্যাহত রাখার জন্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমন্বয় সভায় মেজর জেনারেল আইয়ুব চৌধুরীর সভাপতিত্বে ডিআইপি কর্মকর্তারা ছাড়াও এতে সব বিভাগীয় প্রধানরা অংশ নেন ও আঞ্চলিক অফিসের প্রধানরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
সভায় মেজর জেনারেল আইয়ুব চৌধুরী বলেন, ‘পাসপোর্টসেবা গ্রহণকারীদের নির্বিঘ্নে সেবা প্রদান করতে হবে। বর্তমানে প্রতিদিন আমরা ৬ হাজার পাসপোর্ট প্রদানে সক্ষমতা অর্জন করেছি। এই সেবার মান আরো বাড়ানো হবে।’
ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বলেন, করোনাকালীন এ পরিস্থিতিতে পাসপোর্টসেবা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। ই-পাসপোর্ট প্রদানের গতি আরো বাড়ানো হবে।
