প্রধানমন্ত্রীর ভাষণ অন্তঃসারশূন্য : রিজভী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০০:২৯

আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বর্ষপূতি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর  বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য, কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী দেশের তথাকথিত উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্যখাতের ইতিবাচক পরিবর্তন, আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ যেসব বক্তব্য দিয়েছেন তা ‘মিথ্যাচারের কালো দলিল’। প্রকৃতপক্ষে গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ, খুন, গুম, অপহরণ, ধর্ষণ, টাকা পাচার, দুর্নীতি-লুণ্ঠন ও দুর্বৃত্তায়ন, দুঃশাসনের একযুগ পার করল বাংলাদেশ।

তিনি আরো বলেন, যারা গণতন্ত্র হরণ করে, মানুষের বাক্-ব্যক্তি স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়ে কথিত উন্নয়নের এক যুগপূর্তি করতে চান, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেদিন আর বেশি দূরে নয়, স্বৈরশাসক আইয়ুব খানের মতো তাদেরও পতন হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মামুন আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।