রায়হানা হক, প্রধান শিক্ষক
বাঁশগাড়ি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ঘরে অবস্থান করে ও নিরাপদে আছ। নতুন শিক্ষা বছরের শুভেচ্ছা জেনো। নতুন বই হাতে পেয়েছো তাই না? তো এখন তোমাদের কাজ হলো লেখাপড়া শুরু করা। যেহেতু স্কুল এখনও খোলেনি তা হলে আমাদেরকে নিজে নিজে পড়া চালিয়ে যেতে হবে। ইতোমধ্যে অনলাইন ক্লাসগুলোর সাথে তোমরা পরিচিত হয়েছ, সেই ক্লাসগুলো গতবারের ন্যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত কিছুদিন করতে হবে। স্কুলে না আসতে পারার জন্য মন খারাপ করো না। আশা করি খুব দ্রুত আমরা স্বাভাবিক পরিবেশে ফিরে যাবো। বর্তমানে ইন্টারনেট থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। যদিও আমাদের সকলের ইন্টারনেটের সাথে থাকার সুযোগ ও সামর্থ্য নেই। তবে ভবিষ্যতে ও তোমাদের চলার পথে ইন্টারনেট হবে প্রয়োজনীয়। কাজেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে পড়াশুনা চালিয়ে যেতে হবে। স্কুলের শিক্ষক ও অভিভাবকের সহযোগিতা নিয়ে বইয়ের ধারাবাহিকতা বজায় রেখে তোমরা পড়বে। সংসদ টিভি, এফ,এম রেডিও, ঘরে বসে শিখি ইত্যাদি ছাড়াও আরো অনেক জনপ্রিয় ফেসবুক পেইজ রয়েছে সেইগুলোর ক্লাস করবে। কারণ এইসব জনপ্রিয় পেইজে সারাদেশের শিক্ষকগণ ক্লাস নেন। তোমাদের অনেক ভালো লাগবে ও অনেক কিছু শিখতে পারবে। এবার আসি বিষয়ভিত্তিক পড়াশুনার কথায়, বাংলা ও ইংরেজি বিষয় দুটি ভালোভাবে প্রমিত উচ্চারণে পড়বে অর্থাত্ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে হবে ও অর্থবুঝে পড়বে। প্রাথমিক গণিত বিষয়টি প্রথমে সাধারণ নিয়মে সমস্যাগুলো সমাধান কষবে, তারপর সৃজনশীল সমস্যাগুলো কষবে। আবার লক্ষ্য রাখবে কোনো অধ্যায় যেনো বাদ না পরে। বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিকশিক্ষা, এই বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়বে। প্রত্যেক পাঠশেষে কাজ দেয়া আছে সেগুলো নিজে নিজে চর্চা করবে, প্রয়োজনে বিষয় শিক্ষকের কাছে ফোন করে সাহায্য নিবে। যাতে করে নিজে নিজে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পার ও উত্তর দিতে পার। সর্বোপরি, তারিখ দিয়ে বাড়ির কাজগুলো করে রাখবে, যাতে স্কুল খোলার পর সেগুলো দেখাতে পার। আশা করছি খুব দ্রুত স্কুল খুলে যাবে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। অনলাইন কার্যক্রম কিন্তু বন্ধ হবে না! আমরা ফেইস টু ফেইস এর সাথে অনলাইন ক্লাসের সংমিশ্রণ করে নিবো। খাপখাইয়ে নিবে বর্তমান পরিস্থিতির সাথে, প্রস্তুতি নিবে ভবিষ্যতের জন্য । কারণ তোমরাই আমাদের আগামীদিনের সুনাগরিক ।
