তথ্যপ্রযুক্তি ডেস্ক
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৩০ ডিসেম্বর, বুধবার, সকাল ১১টায় রাজধানীর আগাঁরগাও-এ আইসিটি ভবনে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর অডিটরিয়ামে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয় ।
বেসিস সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে সভায় সরাসরি উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, সহ-সভাপতি(প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ এবং পরিচালক রাশাদ কবীর। ভার্চুয়ালী বেসিসের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ পরিচালক তামজীদ সিদ্দিক স্পন্দন, পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম এবং পরিচালক দিদারুল আলম অংশ নেন।
সভায় বেসিস সহ-সভাপতি(প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ বেসিসের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থান করেন এবং কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। অপরপক্ষে সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বিগত ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের উপর সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশ নেন ও গুরুত্বপূর্ণ মতামত দেন।
২১তম বার্ষিক সাধারণ সভায় বেসিস সভাপতির আহ্বানে ২০২০ সালে মৃত্যুবরণকারী সকল গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি সম্মান জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সদস্যগণ ভার্চুয়াল রিয়েলিটি এখন সাধারণ জীবনের অংশ বলে অবিহিত করেন। এভাবে ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজন করায় বেসিস নির্বাহী পরিষদের সদস্যদের ধন্যবাদ জানান সদস্যরা। কোভিড১৯ এর প্রতিকূলতা বাংলাদেশকে ডিজিটালি অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে বলে সভায় সকলে মত পোষণ করেন।
আলোচনায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, সরকারি-বেসরকারি সব তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতিতে বেসিস সর্বদাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ২০২০ সালে বেসিসের পক্ষ থেকে সদস্যদের কল্যাণে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে অন্যতম হল, সরকারি ক্রয় নীতিমালায় দেশের সফটওয়্যার ও আইটি সেবা খাতের স্থানীয় কোম্পানীসমূহকে অগ্রাধিকার দিয়ে একটা RFP টেমপ্লেট জারি করার প্রক্রিয়া ত্বরান্তিতকরণ, আইটিইএস সেবাখাতের জন্য নতুন নতুন TA প্রকল্প গ্রহণের বিষয়ে সুপারিশ প্রণয়ন প্রভৃতি।
