স্পোর্টস ডেস্ক
কিছুদিন আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মুস্তাফিজুর রহমান। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। যেখানে নাম আছে মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, নাসির হোসেনসহ ১৯ জনের।
পিএসএলের ষষ্ঠ আসরকে সামনে রেখে আজ লাহোরে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে দেশি-বিদেশি ক্রিকেটারদের চার ক্যাটাগরিতে ভাগ করা হয়। ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশিদের মধ্যে আছেন শুধুই মাহমুদউল্লাহ রিয়াদ।
গোল্ড ক্যাটাগরিতে আছেন—আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।
সিলভার ক্যাটাগরিতে আছেন—আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।
পিএসএলে বাংলাদেশ ক্রিকেটারদের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর। ড্রাফটে দল পেলেও বিসিবির অনাপত্তিপত্র ছাড়া খেলতে পারবেন না তারা।
