মাটি খুঁড়ে কলেজছাত্রের লাশ উদ্ধার, গ্রেফতার ৪

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৪

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা

আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামে নিখোঁজের চার দিনের মাথায় সিফাত (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে র্যাব। শনিবার সকালে নিহতের বাড়ির ২০০ গজ দূরে আবাদি জমি হতে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। নীলফামারী র্যাব-১৩-এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, গত ৪ জানুয়ারি রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায় উপজেলার ছোটদাপ গ্রামের শফিকুল ইসলামের ছেলে দিনাজপুর আদর্শ কলেজের ছাত্র ফাহিত হাসান সিফাত। রাতে সে বাড়ি ফেরেনি। পরদিন তার বাবা আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ছেলেকে উদ্ধারে নীলফামারী র্যাব-১৩ বরাবরে লিখিত আবেদন জানান। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকায় মতিউর রহমান মতিসহ চার জনকে গ্রেফতার করে র্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে মৃতের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিফাতকে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।