যশোর অফিস
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেনের ভাই এবং যশোর অফিসের স্টাফ রিপোর্টার ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের চাচা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফারাজী আশরাফ হোসেনের দাফন গতকাল শনিবার জেলার অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল ও সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরসহ বিশিষ্টজনরা অংশ নেন।
উল্লেখ্য, যশোর জুট ইন্ডাস্ট্রির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারাজী আশরাফ হোসেন পারিবারিক একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খুলনার বেজেরডাঙ্গা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফারাজী আশরাফ হোসেনের মৃত্যুতে যশোর সাংবাদিক ইউনিয়ন-জেইউজে গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
