ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহতাশামের ইন্তেকাল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২২:১১

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম এ এম মুহতাশাম হোসেন (৯৩) গতকাল শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অধ্যাপক মুহতাশামের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. এম এ এম মুহতাশাম হোসেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক। তিনি বিজ্ঞান গবেষণায় অপরিসীম ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রখ্যাত পদার্থ বিজ্ঞানীকে হারাল। পদার্থ বিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায়, বিশেষ করে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।