এলডিসি উত্তোরণের সময়সীমা পাঁচ বছর বাড়ানো প্রয়োজন —এফবিসিসিআই সভাপতি

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০০:২৭

বৈশ্বিক মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগজনিত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ও অন্যান্য এলডিসি (স্বল্পন্নোত) দেশসমূহ যারা এই বছর উত্তোরণ করবে তাদের উত্তোরণের সময়সীমা পাঁচ বছর বা তদূর্ধ্ব পর্যন্ত বর্ধিত করার জন্য আবেদন করা উচিত বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এফবিসিসিআই সভাপতি বলেন, এলডিসি উত্তোরণ মূল্যায়নের সূচকে বাংলাদেশ প্রয়োজনের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। এর পরেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময় বৃদ্ধি করা প্রয়োজন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো গতকাল শেখ ফজলে ফাহিমের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে কোভিড-১৯ মহামারি দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক অবস্থার ওপর আলোচনা হয়। সভায় এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বাংলাদেশের বেসরকারি খাতের সম্ভাবনা, ভূমিকা ও সক্ষমতা, উদ্ভাবনের সুযোগ, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, অর্থনৈতিক বহুমুখীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মিয়া সেপ্পো বলেন, জাতিসংঘ একটি মসৃণ ও টেকসই এলডিসি উত্তোরণে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছে। জাতিসংঘ এলডিসি থেকে উত্তোরণের প্রভাব যতটা কমিয়ে আনা সম্ভব তার যথোপযুক্ত ব্যবস্থা করার জন্য পরামর্শকের ভূমিকা পালন করছে। শেখ ফজলে ফাহিম বলেন, ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তম শিল্পে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো বিবেচনায় নিয়ে এলডিসি পরবর্তী প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হবে। এজন্য বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় খাতগুলেরতে প্রযুক্তিগত সহায়তার জন্য অনুরোধ করেন শেখ ফজলে ফাহিম।