নবাবগঞ্জে হামলায় যুবলীগের দুই নেতা আহত

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৩:৫৯

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হামলা চালিয়ে উপজেলা যুবলীগ নেতা অলিউর রহমান অলি (৩৮) ও রাশেদুল ইসলাম রাশেদকে (২৯) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাত সোয়া ৯ টার দিকে উপজেলার বকসনগর ইউনিয়নের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অলি ঐ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও রাশেদ একই গ্রামের মৃত ছকিল উদ্দিনের ছেলে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অলি উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও রাশেদ সহ-সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম।

হামলায় আহত ওই দুইজন ছাড়াও একই পক্ষের বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মারুফ হোসেন মুকুল (৩৬) ও মো. শাকিল (৩০) এবং ইমরান (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মুকুল জানান, খালপাড় গ্রামের সমাজপতি মুজাহার আলী অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় মারা যান। সংবাদ পেয়ে আমরা ৫-৭ জন সেখানে গিয়ে দেখি বাড়ির পাশে হৈচৈ হচ্ছে। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা কয়েকজন কোনো কিছু বুঝে উঠার আগেই দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করলে অলি ও রাশেদ গুরুত্বর আহত হয়।

মুকুল আরও অভিযোগ করে বলেন, আমরা বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল ভাইয়ের নির্বাচন করেছি। এখন আমরা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রনক ভাইয়ের সঙ্গেই বেশি সময় দেই। যা পাভেল ভাই ও পলাশ ভাইয়ের পছন্দ নয়। 

এ নিয়ে পাভেল ভাই শুক্রবার জুম্মার পরে অলি ভাইয়ের বাসায় এসে আমাদের সকলকে ডেকে হুমকি দিয়ে আসে। রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তারের জন্য তারাই মূলত আজকের এই হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ মুকুলের।

অভিযোগের কথা অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা। মুজাহার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে আমি তাকে দেখতে গিয়েছিলাম ঠিকই কিন্তু হামলার বিষয়ে আমি নেতৃত্ব দেয়নি। 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল বলেন, একটি মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় ও হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ওঠে পড়ে লেগেছে। হুমকির অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি ভুক্তভোগীরা এখনও কেউ মামলা করতে আসেনি আসার সাথে সাথে মামলা নেয়া হবে এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

ইত্তেফাক/এএএম