আজ থেকে কয়েক শ কোটি বছর পর পৃথিবীর সবকিছু যখন ধীরে ধীরে নিশ্চিতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তখনো কি কোনো জীব এ গ্রহে বেঁচে থাকবে? এ প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীতে একেবারে শেষ পর্যন্ত যারা টিকে থাকবে সেগুলো হলো মাটির অনেক গভীরে বসবাস করা ক্ষুদ্রাকৃতির কিছু এককোষী জীব। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। তাঁদের মতে, একদিন সূর্য থেকে আসা তাপ এমন তীব্র হয়ে উঠবে যে, পৃথিবীর বুকে সব সাগর-মহাসাগর ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করবে; বাড়তে থাকবে অক্সিজেনের অভাব। ফলে খুব দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাবে সবুজ গাছপালা, হারিয়ে যেতে থাকবে বড় বড় প্রাণী।
তবে সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির বিজ্ঞানী জ্যাক ওম্যালি জেমস এই বলে আশ্বস্ত করেছেন যে, শেষের সেই ভয়ংকর দিন এখনো অনেক দূরে। তিনি বলেছেন, ‘পৃথিবীর বুক থেকে যখন তরল পানি হারিয়ে যেতে থাকবে, সেটা হবে খুব সাংঘাতিক। কারণ আমরা জানি, পানি জীবনের জন্য অপরিহার্য। পৃথিবীর বুক থেকে সব তরল পানি যখন হারিয়ে যেতে থাকবে, তখন জীবন শুধুই টিকে থাকবে সামান্য কয়েকটা ছোটখাটো পকেটে, যেখানে তখনো একটু পানি রয়ে গেছে। ফলে আমরা ধারণা করছি, এ ধরনের মারাত্মক ও বেশি তাপমাত্রায় এবং চরম পরিবেশে যারা শুধু বেঁচে থাকবে তারা হলো এককোষী জীব মাইক্রোব।’ বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর বুকে জীবনের যাত্রাও শুরু হয়েছিল এই মাইক্রোবদের দিয়েই। এই এককোষী জীবরাই এ গ্রহে প্রাণের প্রাচীনতম লক্ষণ হিসেবে স্বীকৃত। বিজ্ঞানীদের অনুমান যদি সত্যি হয়, তাহলে পৃথিবীর অন্তিম লগ্নে আর সব প্রাণী যখন হারিয়ে যাবে, তখনো এই মাইক্রোবরাই রয়ে যাবে জীবনের শেষ নিদর্শন হয়ে।
প্রদীপ সাহা
