অ্যান্ড্রয়েড কর্নার

যে অ্যাপ থাকলে স্মার্টফোনের তথ্য বেহাত হতে পারে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৪৫

বর্তমানে অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজগুলো স্মার্টফোন থেকেই অনায়াসে সেরে ফেলা যায়। তাই আমাদের যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ব্যক্তিগত ছবি, ফোন নম্বর সব কিছু ফোনেই সেভ করা থাকে। এই কারণেই আমাদের স্মার্টফোনের স্টোরেজের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। কিন্তু ইদানীং অসুরক্ষিত অ্যাপ, অপরিচিত, বিপজ্জনক ওয়েবসাইটের সঙ্গে গোপনে সংযুক্ত থাকার ফলে স্মার্টফোনে সেভ করা যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ব্যক্তিগত ছবি ইত্যাদি চলে যায় হ্যাকারদের দখলে।

এ বিষয়ে সমপ্রতি সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এলিয়ট এলডার্সন টুইটার পোস্টে লিখেছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অত্যন্ত জনপ্রিয় ‘ES File Explorer’ অ্যাপটি মোটেই সুরক্ষিত নয়।’  তিনি  আরও লিখেন, ‘কোনো অ্যান্ড্রয়েড ফোনে ইএস ফাইল এক্সপ্লোরার অ্যাপটি খোলা থাকলে লোকাল নেটওয়ার্ক থেকে যে কেউ ওই ফোন ঘাটাঘাটি করতে পারবে। এলডার্সন আরও জানিয়েছেন, ইএস ফাইল এক্সপ্লোরার নতুন ভার্সনে (ভি৪.১.৯.৭.৪) সুরক্ষার এই মারাত্মক ত্রুটি ধরা পড়েছে। জানা গিয়েছে, ইতোমধ্যেই প্লে স্টোর থেকে ১০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এই এক্সপ্লোরার অ্যাপ।

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এলডার্সনের মতে, যদি কারো স্মার্টফোনে এই অ্যাপ থাকে, সে ক্ষেত্রে লোকাল নেটওয়ার্ক কানেক্ট না করাই ভালো। না হলে ইএস ফাইল এক্সপ্লোরার-এর দুর্বল নিরাপত্তা জাল কেটে আপনার ফোনের যাবতীয় তথ্যের নাগাল অনায়াসেই পেয়ে যেতে পারে হ্যাকাররা।