বিএনপির কথায় জনগণ আতঙ্কিত হয় :তথ্যমন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২২:১০

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মুখে নিরাপত্তাহীনতার কথায় জনগণ আতঙ্কিত হয়। গতকাল দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ঘরেবাইরে কারো নিরাপত্তা নেই’—এ মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘যারা পেট্রোলবোমায় মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে এবং হাতে রক্ত ও আগুন নিয়ে মানুষকে প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে, তারা যখন নিরাপত্তাহীনতার কথা বলে, তখন মানুষ আতঙ্কিত হয়।’ গতকাল সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে পুষ্প অর্পণ করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সিটি মেয়র তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য। এখানে দলের কোনো কিছু নেই।’ আর নোয়াখালীতে মির্জা কাদেরের বক্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এমন বক্তব্য আমাদের দলে এর আগেও বহুজন দিয়েছেন।’ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন। ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। ডিআরইউর সহসভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, আজিজুর রহমান, রুমানা জামান, রফিক রাফি, নার্গিস জুঁই ও জাহাঙ্গীর কিরণ এ সময় উপস্থিত ছিলেন।