কচুয়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:১৬

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

উপজেলার ডুমুরিয়া গ্রামের বাহরাইন প্রবাসী রুবেল হোসেনের স্ত্রী শান্তা আক্তারের (২১) রহস্যজনক মৃত্যুর ঘটনাটিকে হত্যা দাবি করে এর বিচার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত নলুয়া বাজারে রাস্তার দু’পাশে এলাকার শত-শত নারী-পুরুষ বিভিন্ন শ্লোগান দিয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করে শান্তা আক্তারের চাচা মো. মিজানুর রহমান, ভাই হূদয়, নলুয়া গ্রামের সুমন মিয়াজী, দেলোয়ার হোসেন, মুক্তা আক্তার, সাহেদাপুর গ্রামের বকুল ও দৌলতপুর গ্রামের রুজিনা আক্তারসহ শত শত নারী-পুরুষ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের প্রবাসী রুবেল হোসেনের স্ত্রী শান্তা আক্তারের লাশ তার স্বামীর গৃহ থেকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি (তদন্ত) শাহ্জাহান কামাল জানান, শান্তা আক্তারের লাশ পর্যবেক্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এমন কোনো আলামত না পাওয়ায় অপমৃত্যু মামলা রুজু করে তার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে শান্তাকে হত্যা করা হয়েছে এমন তথ্য পাওয়া গেলে পরবর্তীতে নিয়মিত হত্যা মামলা দয়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।