জাপানে তীব্র তুষার ঝড়ে আট জনের মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:১৪

জাপানে কয়েকটি অংশে তীব্র তুষারঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে ও অন্তত আট জনের মৃত্যু হয়েছে। ুবছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল তার দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে ব্যাপক তুষারপাত হচ্ছে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় তোয়ামা সিটিতে ১২০ সেন্টিমিটার, ফুকুই সিটিতে ১০০ সেন্টিমিটার ও নিগাতা সিটিতে ৬৩ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে এনএইচকে জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে আবহাওয়া সংস্থা। যারা বাইরে বের হবে তাদের বরফ আচ্ছাদিত সড়ক ও বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

তুষার ধস, ছাদ থেকে পড়া তুষার ও বৈদ্যুতিক তারের ওপর জমা তুষারের বিষয়েও তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তুষারের কারণে রবিবার রাত পর্যন্ত দুর্ঘটনায় আট জন মারা গেছে ও ২৭০ জনেরও বেশি আহত হয়েছে। ?নিহতদের অধিকাংশই নিগাতা, তোয়ামা, ইশিকাওয়া, ফুকুই ও গিফু প্রিফেকচারে দুর্ঘটনার শিকার হয়েছে। তীব্র ঠান্ডার কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উত্পাদক কোম্পানিগুলো ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারগুলোকে পরিকল্পিতভাবে বিদ্যুত্ ব্যবহারের পরামর্শ দিয়েছে।