সুজানগরের সড়কে বেড়েছে অবৈধ ভটভটি

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪২

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের বিভিন্ন সড়কে বেড়েছে অবৈধ ভটভটি গাড়ি ও অটোভ্যান। প্রথমদিকে এসব গাড়ি মালামাল পরিবহন করলেও বর্তমানে যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। খলিলপুর গ্রামের আবদুল জলিল বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয়ভাবে শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে এসব ভটভটি ও অটোভ্যান তৈরি করা হচ্ছে। ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, ব্যাকগিয়ার বা হ্যাবি ব্রেকবিহীন ঐসব গাড়ির অধিকাংশ চালক আনাড়ি এবং অপ্রাপ্ত বয়স্ক। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে হতাহতের ঘটনা। সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন, অবৈধ ভটভটি গাড়ি ও অটোভ্যান চলাচল বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।