চরফ্যাশনে খাদিজা হত্যা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহায়ক খাদিজা নাছরিন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সোমবার মানববন্ধন হয়েছে। চরফ্যাশন বাজারের সদর রোডে এ মানববন্ধন হয়। বক্তারা বলেন, নাছরিনকে শ্বাসরোধ করে হত্যার ৫৩ দিনেও পুলিশ মূল আসামি তার স্বামী কামাল হোসেনসহ জড়িতদের গ্রেফতারে করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু ছিদ্দিক, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামুসহ অনেকে বক্তব্য রাখেন। চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি তত্পরতা অব্যাহত আছে। উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর সন্ধ্যায় স্বামী কামাল হোসেনের শোয়ার ঘর থেকে নাছরিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
