সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ছাত্রসহ তিন জনের মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪৩

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক ও ছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশন-শশীভূষণ সড়কের কাশেমগঞ্জ বাজারে সোমবার ট্রাক চাপায় অটোরিকশাযাত্রী এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত এরশাদ আলী দক্ষিণ মাদ্রাজ গ্রামের মৃত আবুল হাসেম মাঝির ছেলে এবং দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত হয়েছেন আরো দুই জন। হতাহতরা অটোরিকশাযোগে চরফ্যাশন যাচ্ছিলেন। চরফ্যাশন থানার ওসি মো.মনির হোসেন মিয়া জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়েছে।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) :কোটালীপাড়া উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইমুনজ্জামান সিনতেরে (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাঝবাড়ি-টুঙ্গিপাড়া সড়কের লোহারংক গ্রামের মনির দাড়িয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইমুনজ্জামান সিনতেরে কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলার মাঝবাড়ি গ্রামের আলীউজ্জামান দাড়িয়ার ছেলে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুকসুদপুর (গোপালগঞ্জ) :মুকসুদপুরে রবিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সৈকত মাতুব্বর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের কাছে এ ঘটনা ঘটে। নিহত সৈকত মাতুব্বর একই ইউনিয়নের তপারকান্দি গ্রামের আলী মাতুব্বরের ছেলে ।  সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই সালাম জানায়, অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল আরোহী সৈকত মাতুব্বরকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে রাত দেড়টার দিকে সৈকত মারা যায়।

মদন (নেত্রকোনা) :মদন-নেত্রকোনা সড়কের কাইটাইল ইউনিয়নের কেশজানী জামতলা নামক স্থানে সোমবার সকালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্য লতিফ মিয়া ও ফজলু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মদন থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।