ইত্তেফাক রিপোর্ট
‘এবি নিশ্চিন্ত’ নামে প্রোডাক্ট উন্মোচন করল এবি ব্যাংক। এর ফলে ফিক্সড ডিপোজিটের গ্রাহকরা কোনো প্রিমিয়াম দেওয়া ছাড়াই মেটলাইফ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত জীবন বিমা সুবিধা পাবেন। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবি নিশ্চিন্ত ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের সঙ্গে বিনা মূল্যে ৮০ লাখ টাকা পর্যন্ত জীবন বিমা সুবিধা দেবে যা দেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ। ফিক্সড ডিপোজিট টাকার পরিমাণ ন্যূনতম ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে ৫০ লাখ টাকা বিমাসুবিধা দেওয়া হবে। তবে এর জন্য গ্রাহককে কোনো প্রিমিয়াম দেওয়া লাগবে না। প্রিমিয়াম গ্রাহকের পক্ষ থেকে ব্যাংক বহন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, ডিএমডি আব্দুর রহমান, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান, অন্যান্য ডিএমডি, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ।
