স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটে চূড়ান্ত জয়টা হয় ধৈর্যের। যেখানে ছোটখাটো একটি ভুলও বদলে দিতে পারে অনেক কিছু।
সিডনি টেস্টের মাহাত্ম্যটাও সেরকম। স্কোরকার্ড বলবে না পঞ্চম দিনে ম্যাচ ড্র করতে কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে ভারতকে। লেখা থাকবে না চোট নিয়েও হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিনের আড়াই ঘণ্টা ও ৪৩ ওভারের দৃঢ় লড়াই। যে লড়াইয়ে রানের থেকেও বল খেলার গুরুত্ব বেশি। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নদের সামলানোর গুরুত্ব বেশি।
জয় হয়তো মেলেনি, কিন্তু দিন শেষে অশ্বিন-বিহারির সেই অমলীন হাসিই বলে দেয় এই ড্র জয়ের সমান। আর হতাশায় দিন শেষের ১ ওভার আগেই হাল ছেড়ে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন।
বোলাররা তাদের সর্বস্বটাই দিয়েছেন। কিন্তু ঐ যে ক্যাচ মিস। যে কারণে নিজেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন পেইন, ‘আমি হতাশ। নিজের উইকেটকিপিং নিয়ে আমার বরাবরই গর্ব হয়। কিন্তু কোনো সময় আজকের মতো বাজে দিন কাটাইনি। বোলাররা হূদয় দিয়ে বোলিং করেছিল, আমার মনে হচ্ছে আমিই তাদের ডোবালাম।’
লক্ষ্যটা ৪০৭। ৪০০ রান পার করে জেতার নজির আছে চারটি, এর একটি ভারতেরও। চতুর্থ দিন শেষেও ভারতের জয় কিংবা ড্র কল্পানাতে আসে না। এমনকি আজকের সকালেও নয়। ২ উইকেটে ৯২ রানে খেলতে নামার দ্বিতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক অজিঙ্কা রাহানে।
তখনই ম্যাচের হাল ধরেন চেতেশ্বর পুজারা ও রিশাভ পান্ট। দুই প্রান্তে চলতে থাকে দুই রকম ব্যাটিং প্রদর্শনী। দুইয়ের মিশেলে জয়ও উঁকি দিচ্ছিল ভারতের মধ্যে।
কিন্তু নতুন বলের আগেই খেই হারালেন পান্ট। পেইনের কাছে দুই বার জীবন পেয়েও ১১৮ বলে ১২ চার ও ৩ ছয়ে ৯৭ রান করে থামতে হয় তাকে। ভাঙে ১৪৮ রানের জুটি।
নতুন বলে পুজারাও হারালেন তার ধৈর্য। হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন ৭৭ রান করে। হার এড়াতে তখন আরো ৪৪ ওভার টিকে থাকতে হবে ভারতকে। হাতে আছে ৫ উইকেট। বলা যায় ৪ উইকেট, আঙুলের চোটে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। তারপরও প্যাড পরে ছিলেন।
তাকে নামার আর অবকাশ দিলেন না বিহারি-অশ্বিন। অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে কাটিয়ে দিলেন ২৫৯ বল। কয়েক বার সুযোগ দিলেও সেটা কাজে লাগাতে পারেনি অজিরা। খুঁড়ানো পা নিয়ে বিহারির ১৬১ বলে বিহারি ২০ আর পাঁজরের ব্যথা নিয়ে অশ্বিন ১২৮ বলে ৩৯* রান করে মাঠ ছাড়েন। ভারতের স্কোরবোর্ডের তখন ১৩১ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান। অজিদের মাটিতে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি সময় কেউ কাটায়নি। তাই তো ড্র ছাপিয়ে যা এনে দেয় জয়ের তৃপ্তি। আর সেখানে ফিকে হয়ে যায় স্টিভেন স্মিথের ম্যাচসেরা হওয়ার আনন্দ।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩৩৮ ও ৩১২/৬ (ডি.)
ভারত ১ম ইনিংস: ২৪৪ ও ৩৩৪/৫ (পুজারা ৭৭, পান্ত ৯৭, বিহারি ২৩*, অশ্বিন ৩৯*; হ্যাজলউড ৩৯-২, লায়ন ১১৪-২)
ফল : ম্যাচ ড্র।
ম্যান অব দ্য ম্যাচ : স্টিভেন স্মিথ।
সিরিজ :১-১ সমতায় রয়েছে।
