ইত্তেফাক ডেস্ক
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চার জন। স্থানীয় সময় রবিবার মধ্যরাতে শহরটির ইভাস্টনের কয়েকটি এলাকায় হামলায় চালানো হয়। পরে শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে বন্দুকধারী জ্যাসন নাইটেঙ্গল (৩২) নিহত হয়। খবর দ্য গার্ডিয়ানের
পুলিশ সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে এক জন শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (৩০)। অন্য দুই জনের মধ্যে এক জন ২০ বছর বয়সি যুবক এবং অপর জন একটি ভবনের নিরাপত্তাকর্মী (৪৬)। আর আহতদের মধ্যে দুই জন বৃদ্ধা। এক জন নারী ও ১৫ বছরের এক কিশোরী। তাদের অবস্থা আশঙ্কাজনক। শিকাগোর পুলিশ সুপার ডেভিড ব্রাউন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতদের পরিচয় জানাননি তিনি। হামলার কোনো কারণ এখনো জানাতে পারেনি পুলিশ। তাদের ধারণা, হামলাকারী মানসিক বিকারগ্রস্ত হতে পারে। ঘটনার তথ্য উদ্ঘাটনে শিকাগো পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ কর্মকর্তা ডেভিড ব্রাউন জানান, শনিবার দুপুরে শহরের দক্ষিণ দিকে হাইডি পার্কসংলগ্ন এলাকায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে জ্যাসন নাইটেঙ্গল। এরপর সে পাশের একটি বহুতল ভবনে ঢুকেই এক জন নিরাপত্তাকর্মী এবং বৃদ্ধাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। বৃদ্ধাও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেখানে থেকে বের হয়ে পাশের একটি দোকানে গিয়ে ২০ বছর বয়সি এক যুবককে গুলি করে হত্যা করে জ্যাসন। একই সঙ্গে ৮১ বছর বয়সি এক বৃদ্ধার মাথায় গুলি করে এবং ঐ দোকান থেকে বের হওয়ার সময় রাস্তায় ১৫ বছর বয়সি কিশোরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঐ কিশোরী তার মায়ের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল। তার অবস্থাও আশঙ্কাজনক।
