অবৈধ রং ও রাসায়নিক ব্যবহার করে ভেজাল খাদ্যসামগ্রী উত্পাদন ও বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার দুপুরে নগরীর গলাচিপা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় খাদ্যসামগ্রী উত্পাদনে ব্যবহূত রং ও রাসায়নিকে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকায় মালিকপক্ষকে এ আর্থিক জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিস্বর পালের নেতৃত্বে এই ভেজালবিরোধী অভিযানে আরো উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফারজানা আক্তার ও সদর উপজেলা খাদ্য পরিদর্শক শাহ্জাহান হালদার। জেলা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করে।
সুগন্ধা বেকারির এই কারখানাটিতে এর আগে দুই দফা অভিযান চালিয়ে ৫ লাখ ও ২ লাখ টাকা জরিমানা করা হলেও স্থায়ীভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে প্রশ্ন করলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার জানান, যেসব অসংগতি এখানে পাওয়া গেছে সেগুলো সংশোধন করতে মালিকপক্ষকে মুচলেকাসহ নির্ধারিত সময় দেওয়া হয়েছে। পরবর্তী সময় মনিটরিংয়ে আবারও এ ধরনের অসংগতি পাওয়া গেলে কারখানাটি সিলগালা করে দেওয়া হবে।
