নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মাণ করে ২৪টি পরিবারে স্বস্তির বাতাস বইছে। সরেজমিনে জানা যায়, উপজেলার ভাবিচা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ কর্মী চণ্ডিপুর গ্রামের মৃত- সাইফুদ্দিন মাস্টারের ছেলে সমাজসেবক দেলোয়ার হোসেন টিটু তার নিজ উদ্যোগে চণ্ডিপুর গ্রামের খাইনাকুড়ি থেকে চণ্ডিপুর আদিবাসী পাড়া পর্যন্ত জমির মধ্য দিয়ে প্রায় ১ হাজার ৫০ ফিট রাস্তা মাটি দিয়ে নতুনভাবে নির্মাণের উদ্বোধন করেন। এতে ২৪টি পরিবারের প্রায় ১শ’ সদস্য চলাচলে সুবিধা পাবে। রাস্তা নির্মাণে উদ্যোক্তা দেলোয়ার হোসেন টিটু এ প্রতিবেদককে বলেন, চণ্ডিপুর আদিবাসীপাড়ার প্রায় ২৪টি পরিবারের ১শ’ সদস্য রাস্তা না থাকায় দীর্ঘদিন যাবত্ দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের কষ্টের কথা বিবেচনা করে আমি নিজ উদ্যোগে এবং গ্রামের আফসের আলীর ছেলে আজিজার, পচা মণ্ডলের ছেলে জহুরুল, খোকা মণ্ডলের ছেলে জিল্লুর রহমান এবং সেকেন কাপড়ার ছেলে আনোয়ারের সহযোগিতায় এ রাস্তা নির্মাণ কাজ শুরু করি। এই পাঁচজন জমি দান করে সহযোগিতা করেন। রাস্তার নির্মাণ কাজের সহযোগিতা করেন শরিফুল, সোনাবর, আক্কাস, আদিবাসী নেতা রশিক টুডু, হাকিম ব্যাচরা, লুজিনা টুডু ও ছামি মুর্মু।
