ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইআইসিসিআই) বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেলেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আইআইসিসিআই বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা। এছাড়া এই পুরস্কারে ভূষিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিক্রম কুমার দোরাইস্বামী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও আইআইসিসিআই পরিচালক টিকে পান্ডে।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য উভয় দেশ এক সঙ্গে কাজ করছি। বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার ১০০টি ইকোনমিক জোন প্রস্তুত করেছে। দুই দেশের যৌথ সম্পর্ক ব্যবসার সফলতা নির্ভর করে। করোনাকালেও অর্থনীতি সচল রাখতে পুরো ব্যবসায়ীসমাজ কাজ করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার দোরাইস্বামী বলেন, প্রযুক্তি, কর্মসংস্থান ও বিনিয়োগে ভর করে বাংলাদেশ-ভারত মৈত্রী দীর্ঘজীবী হবে। তিনি আরো বলেন, আধুনিক বাণিজ্যে কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমার বিশ্বাস এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বাড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতুল কুমার সাক্সেনা। উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শামীম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা সুকান্ত কাশারী সুমন প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
