সোহেল সারোয়ার চঞ্চল
ফেডারেশন কাপ ফুটবলের রেশ শেষ। মোহামেডান আবাহনী বিদায় নিয়ে আগেই অনুশীলনে ঝাঁপিয়েছে। রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব ট্রফি না পাওয়ার দুঃখ ভুলে প্রস্তুতিতে মন দিয়েছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ট্রফি একপাশে রেখে তারাও লিগের জন্য নতুন শুরুর পরিকল্পনা করেছে। ১৩ দলের লিগের বাদবাকি ক্লাবগুলো অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। এবার বাঁচা-মরার লড়াই। প্রিমিয়ার ফুটবল লিগের লম্বা দৌড় শুরু আজ। ফেডারেশন কাপ হচ্ছে লিগের প্রস্তুতি। কোচরা দেখে নেন দলের অবস্থাটা কী। কোথায় দুর্বলতা রয়েছে। সেটি মেরামত করে লিগে নামতে হবে। কারণ লিগ হচ্ছে লম্বা দৌড়ের খেলা। দুই পর্বের খেলা। একটা দল ২৪টা ম্যাচ খেলবে। পুরো লিগের ম্যাচ ১৫৬। এখানে টিকতে হলে অফুরন্ত শক্তিসামর্থ্য থাকতে হবে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকাল ৪টায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ হতে উঠে আসা উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে খেলবে। ছয় দিনের ফিকশ্চার ঘোষণা করা হয়েছে। এই ছয় দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি করে খেলা হবে। আগামী শুক্র, শনি এবং রবিবার রাত ৮টায় খেলা শুরু হবে। কারণ এই তিন দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে।
কয়েক রাউন্ড খেলা হওয়ার পর করোনার কারণে গত মার্চে লিগ পরিত্যক্ত হয়েছিল। এবার নতুন করে নতুন মৌসুমের খেলা শুরু হচ্ছে। এবারের লিগ জমবে। ফেডারেশন কাপে দেখা গেছে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হলেও সাইফ স্পোর্টিং এবার দর্শক হূদয়ে আস্থা এনেছে। তাদের খেলায় ধার স্পষ্ট। যে কোনো দলের জন্য সাইফ স্পোর্টিং হুমকি হয়ে দাঁড়াবে। ফেডারেশন কাপের সেমিফাইনালে বিদায় নিলেও আবাহনীও কম যাচ্ছে না। তারা এএফসি কাপে খেলবে বলে এবার দলের মধ্যে বিদেশি ফুটবলারের শক্তিটা বাড়িয়েছে। গত মৌসুমের হাইতিয়ান বেলফোর্টকে রেখেছে। ডিফেন্সে মাসিহ সাইঘানিককে ফিরিয়ে এনেছে, সঙ্গে আছে ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো স্বদেশি রাফায়েল অগাস্তো। এদের ভিড়ে মূল স্ট্রাইকার জীবনকে পেছনে খেলতে হচ্ছে।
মোহামেডান কোয়ার্টার ফাইনালে উঠেছে এটা ওঠার মতো পরিস্থিতি ছিল। তাদের পরীক্ষা হবে লিগে। গতবার দুর্বল দল নিয়েও কুমিল্লায় বসুন্ধরাকে হারিয়েছিল মোহামেডান। এবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে সাইফের বিপক্ষে টাইব্রেকারে হারলেও ২-২ গোলে দুর্দান্ত লড়াই হয়েছে। ইংলিশ কোচের অধীনে ভালো কিছু উপহার দিতে পারবে মোহামেডান।
টেবিলের সবচেয়ে নিচের দল, উত্তর বারিধারা ক্লাব কোয়ার্টার ফাইনালে খেলেছে আবাহনীর বিপক্ষে। ১-০ গোলে হারলেও গোল নিয়ে আপত্তি আছে বারিধারার। ফেয়ার প্লের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একমাত্র গোলটি করে আবাহনী সেমিফাইনালে উঠেছিল। পুলিশ ফুটবল দলও ভালো পারফরম্যান্স করেছে। ১৩ দল থেকে রেলিগেশন হয়ে একটি দল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাবে। আর চ্যাম্পিয়নশিপ হতে দুইটি দল প্রিমিয়ার লিগে উঠবে। রেলিগেশনে নামার আশঙ্কায় ব্রাদার্স ইউনিয়ন। সাংগঠনিক দুর্বলতায় ধুঁকছে ঐতিহ্যবাহী এই দল। গোছাতে না পারলে ভুগতে হবে।
লিগেও একটি দল পাঁচ জন ফুটবলার পরিবর্তন করতে পারবে। ৩১ জুলাই পর্যন্ত এই নিয়ম।
n পেশাদার ফুটবল লিগ শুরু হয় ২০০৭ সালে, ১২তম আসর এবার
n প্রথম তিন আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় আবাহনী
n প্রথম তিন আসরে মোহামেডান রানার্সআপ হয়
n এ পর্যন্ত সবচেয়ে বেশি লিগ শিরোপা জিতেছে আবাহনী, ছয়বার।
n শেখ জামাল তিনবার, শেখ রাসেল একবার, বসুন্ধরা কিংস একবার চ্যাম্পিয়ন হয়।
n লিগে নিজেদের অভিষেক মৌসুমে চ্যাম্পিয়ন হয় শেখ জামাল ও বসুন্ধরা কিংস
n রেকর্ড টানা ৩২ ম্যাচে জয় মোহামেডানের
প্রথম ছয়দিনের সূচি
১৩ জানুয়ারী : বসুন্ধরা কিংস-উত্তর বারিধারা
১৪ জানুয়ারী : আবাহনী-পুলিশ এফসি
১৫ জানুয়ারী : শেখ রাসেল-ব্রাদার্স
১৬ জানুয়ারী : সাইফ স্পোর্টিং-রহমতগঞ্জ
১৭ জানুয়ারী : আরামবাগ-মোহামেডান
১৮ জানুয়ারী : শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী
* ১৫-১৭ জানুয়ারীর ম্যাচ রাত ৮টায়, বাকি ম্যাচ ৪টায়
