ব্লগার নীলাদ্রি হত্যা
বিশেষ প্রতিনিধি
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়ার সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করে আদালত। এর আগে গত ৬ অক্টোবর মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
মামলার অন্য আসামিরা হলেন মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খান, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতি আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সলে সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।
গত ৪ অক্টোবর মামলায় মেজর জিয়াসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।
