গ্রেফতার ২
বিশেষ প্রতিনিধি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো. জাকারিয়া ও মো. একরামুল হক ওরফে রাজু। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ রবিবার রংপুর ও গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহূত একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর সিম উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অপরাধে মেয়রের এপিএস মনিরুল ইসলাম গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম এ মামলার তদন্ত করে। গতকাল মঙ্গলবার ডিএমপি গোয়েন্দা অফিস কম্পাউন্ডে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে তারা বিভিন্ন লোকজনের কাছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করত। উক্ত টাকা তারা বিকাশের মাধ্যমে গ্রহণ করত।
