সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা

কনস্টেবল হারুনের জামিন শুনানির খবরে রায়হানের মা হাজির আদালতে

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২২:৪৮

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল হারুনুর রশিদের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হারুনুর রশিদের পক্ষে তার আইনজীবী জামিন চাইলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম জামিনের আবেদন নামঞ্জুর করেন। তবে শুনানিকালে হারুনকে আদালতে আনা হয়নি।

এদিকে, আসামিদের জামিন আবেদনের শুনানির খবর পেয়ে এদিন সকালে আদালত চত্বরে আত্মীয়স্বজন নিয়ে হাজির হন রায়হান আহমদের মা সালমা বেগম। তিনি আদালত চত্বরে হাজির হয়ে আসামিদের জামিন আবেদনের বিরোধিতা করেন। পরে রায়হানের মা সালমা বেগম বলেন, ছেলে হারানো কত কষ্টকর তা একজন মা ভালো বলতে পারবেন। আমি ছেলে হত্যার যথাযথ বিচার চাই।