মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত জাল নথি বিক্রির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যম দ্য স্টারের খবরে এ তথ্য জানানো হয়। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল যাইমি দাউদ জানান, অভিবাসন গোয়েন্দা ও বিশেষ অভিযান পরিচালনাকারী কর্মীরা সোমবার চেরাস এলাকার এক অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে। তিনি বলেন, আটক হওয়া ৩২ বছর বয়সি বাংলাদেশি মূলহোতা ২০১৭ সাল থেকে নজরদারিতে ছিলেন। সে সময় এ ধরনের আরেকটি সিন্ডিকেটকে আমরা ধরতে পেরেছিলাম। তখন আমরা দুই বাংলাদেশিকে ধরতে পারলেও তাদের দলনেতা পালিয়ে যেতে সক্ষম হয়। গত বছরের মার্চ থেকে আবারও তারা সক্রিয় হয়।
তিনি বলেন বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিকরা মূলত এ ধরনের সিন্ডিকেটের ‘ক্লায়েন্ট’। অনুসন্ধানে জানা গেছে, সিন্ডিকেটটি পাসপোর্ট, অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস, আইক্যাডস এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) কার্ডের মতো নথি বিক্রি করছিল। অভিযানে ২৫ বছর বয়সি আরেক বাংলাদেশিকে আটক করা হয়েছে। যিনি এই সিন্ডিকেটের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন বলে মনে করা হচ্ছে।
