লেকহেড গ্রামার স্কুলের সাবেক মালিক হারুন গ্রেফতার, ৫ দিনের রিমান্ড

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:১৮

জঙ্গি তত্পরতায় জড়িত থাকার অভিযোগ

বিশেষ প্রতিনিধি

লেকহেড গ্রাম স্কুলের সাবেক মালিক, কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন জামাতুল মুসলিমিনের (জেএম) প্রত্যক্ষ মদদদাতা রিজওয়ান হারুন গ্রেফতার হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের একটি টিম গতকাল রবিবার ভোরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ৩০ জানুয়ারি গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মিডিয়া মাসুদুর রহমান। গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ৫ দিনের রিমান্ডে নিয়েছে। পুলিশ জানায়, রিজওয়ান হারুন কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন জামাতুল মুসলিমিনের (জেএম) মদদদাতা হিসেবে কাজ করত। জামাতুল মুসলিমিন বাংলাদেশের সর্বপ্রথম আল-কায়দার মতাদর্শী জঙ্গি সংগঠন। রিজওয়ানসহ অত্র সংগঠনের অন্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন বাসা মসজিদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সংলগ্ন হারুন ইঞ্জিনিয়ারিং-এর নিজস্ব অফিস দাওয়াতের কাজ পরিচালনা করার জন্য ব্যবহার করত। ২০০৫ সালে জামাতুল মুসলিমিনের কার্যকলাপ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করা হয়। এ সংগঠনের সদস্যরা জঙ্গি কার্যক্রম দ্রুত বিস্তারের জন্য বিভিন্ন ইংলিশ মিডিয়া স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। তারই কার্যক্রম হিসেবে রিজওয়ান ২০০৬ সালে লেকহেড গ্রামার স্কুলটির প্রতিষ্ঠাতা লতিফ আহম্মেদের এর কাছ থেকে কিনে নেয়। পরবর্তী সময়ে এখান থেকে কোমলমতি শিক্ষার্থীদের ইসলামি জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে জিহাদী চেতনায় উদ্বুদ্ধ করতে থাকে। এ স্কুলটি আসামি রিজওয়ান জঙ্গি প্রশিক্ষণে জন্য ব্যবহার করত।