ইত্তেফাক রিপোর্ট
কোচিং বাণিজ্যের অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হটলাইনে (১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার এ অভিযান চালানো হয়। দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সহকারী পরিচালক মোঃ জাভেদ হাবীব এবং উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান চালায়।
দুদক টিম রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখতে পায় যে, বিদ্যালয়ের শিক্ষকগণ ২০১৭ সালে কোচিং করাবেন না এ মর্মে অঙ্গীকারনামা প্রদান করা সত্ত্বেও নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। দুদক টিমের নির্দেশে তাত্ক্ষণিকভাবে এ অনিয়মের সাথে জড়িত ৩০ জন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়। অভিযানকালে দুদক টিম উদ্ঘাটন করে, নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়া সত্ত্বেও একজন শ্রেণি শিক্ষক তাদের দশম শ্রেণিতে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করেছেন। দুদক টিমের উপস্থিতিতে এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এর আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভিআইপি কোটাকে কেন্দ্র করে ভর্তি বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে গত ১৭ জানুয়ারি দুদকের একটি টিম উক্ত স্কুলে অভিযান চালায়।
