যুক্তরাষ্ট্রে প্রায় সাত দশকের মধ্যে প্রথম এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। বুধবার প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩১ মিনিটে ইন্ডিয়ানার টেরি হাউটে ৫২ বছর বয়সি লিসা মন্টগোমারির মৃত্যুদণ্ড কার্যকর হয়। ২০০৪ সালে ২৩ বছর বয়সি এক অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধে হত্যা করেন লিসা। ঐ নারীর পেট চিরে তিনি নবজাতককে বের করেন এবং শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। ২০০৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। লিসার আইনজীবীরা অবশ্য দাবি করেছিলেন, তাদের মক্কেল মানসিকভাবে অসুস্থ। ছোটবেলায় তিনি বাবার হাতে যৌন নিপীড়নের শিকার এবং মায়ের হাতে অপহূত হয়েছিলেন। পরে তিনি স্বজনদের নিপীড়নের শিকার হন। মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে তারা মৃত্যুদণ্ড মওকুফ চেয়েছিলেন।
গত বছরের ৮ ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মৃত্যুদণ্ডের তারিখ স্থগিত করা হয়। পরে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের আপিল বিভাগের তিন বিচারক চলতি মাসের ১২ তারিখে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুদণ্ডের সময় পাশে দাঁড়িয়ে থাকা এক নারী তার মুখের কাপড় সরিয়ে শেষ ইচ্ছা সম্পর্কে জানতে চান। এর উত্তর তিনি ‘না’ বলেন। এরপর আর কিছুই বলেননি।
