সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় ৪০ জন নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৪৩

সিরিয়ার পূর্বাঞ্চলে বিভিন্ন অস্ত্র গুদাম ও সামরিক অবস্থান লক্ষ্য করে মঙ্গলবার রাতে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৯ সিরীয় সৈন্য এবং ৩১ মিত্র যোদ্ধা নিহত ও অর্ধশত আহত হয়েছে। বুধবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়।

যুক্তরাজ্যভিত্তিক এ যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়া-ইরাক সীমান্তের পূর্বাঞ্চলীয় দির ইজোর শহর থেকে বোকামাল মরুভূমি পর্যন্ত বিস্তৃত এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ১৮ দফারও বেশি হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী। পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, অভিযানে সিরিয়ার ৯ সৈন্য এবং ইরানের বিপ্লবী গার্ড, লেবাননের হিজবুল্লাহ ও ফাতিমি ব্রিগেডের মিত্রের ৩১ যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে ইরানপন্থি আফগান যোদ্ধাও রয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে তাদের জাতীয় পরিচয় জানা যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ ইসরাইলি বিমান হামলার কথা জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এসএএনএ জানায়, ‘রাত ১টা ১০ মিনিটে ইসরাইলি শত্রু বাহিনী দির ইজোর শহর ও বোকামাল অঞ্চলে বিমান হামলা চালায়।’ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সিরিয়ায় এটি ছিল ইসরাইলের দ্বিতীয় অভিযান।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, এই অভিযান ওয়াশিংটনের অনুমোদনক্রমেই হয়েছে। মূলত বিভিন্ন অস্ত্র গুদামকে টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরো বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিষয়টি নিয়ে আগেই ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে কথা বলেছেন। গত সোমরার ওয়াশিংটনের একটি রেস্তোরাঁয় এ বিষয়ে কথা হয়। এটি তারই প্রতিফলন বলে মনে হচ্ছে।