পুরস্কৃত হলেন মতিউর রহমান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৪৯

আরটিভির দশম স্টার অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা অভিনেতার (পার্শ্ব চরিত্র) পুরস্কার লাভ করেছেন বর্তমানের জনপ্রিয় অভিনেতা মতিউর রহমান। তিনি মাসুদ সেজানের ধারাবাহিক নাটক ‘হৈ হৈ রৈ রৈ’ থেকে অ্যাওয়ার্ডটির জন্য মনোনয়ন পেয়েছিলেন। জুড়িবোর্ড ও দর্শকের ভোটে জনপ্রিয় আরো একাধিক অভিনেতাকে হারিয়ে তার এ পুস্কার লাভ। অভিনেতা মতিউর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাক্ষীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে গ্রুপ থিয়েটার ‘ঢাকা সুবচন’র মাধ্যমে নাট্যজগতে প্রবেশ করেন।  টিভি পর্দায় অভিনয় শুরু করেন ২০০১ সালে। ২০০৫ থেকে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো— চলিতেছে সার্কাস, ডুগডুগি, চরিত্র স্বামী, পোস্ট মর্টেম, চরিত্র নেতা, চরিত্র ভাড়াটিয়া, মানি ইজ প্রবলেম, সাইকো, চিটিং মাস্টার, পাগল দ্য ইনোসেন্ট, ছাগল দ্য ইন্টেলেক্ট।

পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে অভিনেতা মতিউর রহমান বলেন, ‘এটি আমার জীবনের প্রথম নমিনেশন এবং প্রথম অ্যাওয়ার্ড। কাজটি অনেক পরিশ্রম করে করেছিলাম। ভালো কাজের জন্য এই স্বীকৃতি আমাকে অনুপ্রেরণা যোগাবে। পরিচালক মাসুদ সেজানের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে এমন একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে সেরা অভিনেতা নির্বাচন করায় আরটিভি পরিবার ও বিচারকমণ্ডলীকে ধন্যবাদ।