রাজৈরে কারেন্ট জাল বিক্রির দায়ে যুবককে দণ্ড

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:১৮

রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে নিষিদ্ধঘোষিত কারেন্ট জাল বিক্রির দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান এ দণ্ড দেন।

টেকেরহাট বন্দরে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের জালাল ব্যাপারীর ছেলে পাট্টু মিয়া নিষিদ্ধঘোষিত কারেন্ট জাল বিক্রি করছিল। খবর পেয়ে রাজৈর উপজেলা মত্স্য অফিসার মানিক মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ হাজার মিটার কারেন্ট জালসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ঐ দণ্ড দেন।