দশমিনায় মো. হোসেন (১৯) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মো. হোসেন ঐ গ্রামের কব্বতআলী পঞ্চায়েতবাড়ীর আব্দুল বারেকের ছেলে ও দশমিনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ঐ বাড়ির বর্তমান মেম্বার মো. আফজাল হোসেন জানান, মঙ্গলবার বিকালে হোসেন কেনাকাটা করতে তার বাবার সঙ্গে দশমিনা সদর বাজারে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের পাশে চাম্বুল গাছের সঙ্গে গলায় রশি লাগিয়ে ঝুলে থাকে। দশমিনা থানার ওসি তদন্ত মো. সালাম মোল্লা বলেন, কলেজছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
