বড় পতনের দিনেও লেনদেন ২১০০ কোটি টাকা ছাড়াল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:২০

বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল বুধবার উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০০ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২৫০ পয়েন্ট কমেছে। তবে  গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।

জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ২১ দশমিক ০৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৫ দশমিক ১০ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০১ দশমিক ৬৩ পয়েন্টে, ২ হাজার ১৫৯ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ২৩৩ দশমিক ৮৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৫ কোটি ৮৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির বা ১৫ দশমিক ৫৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪৮টির বা ৬৯ দশমিক ০৮ শতাংশের এবং ৫৫টির বা ১৫ দশমিক ৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯ দশমিক ০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪০ দশমিক ৪৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, কমেছে ১৯৮টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।