আগের অনুমতি ছাড়াই তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অস্বাভাবিক উত্থান-পতন তদন্তের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে দেওয়া নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে ১২ জানুয়ারি প্রেরিত চিঠির কার্যকারিতা থাকল না। গতকাল বুধবার স্থগিতাদেশের চিঠি উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখ্যপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে ও বাজার মধ্যস্থতাকারীদের অনুরোধে গতকালের তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কমিশন। এ সংক্রান্ত চিঠি উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিএসইসি চারটি কারণে তালিকাভুক্ত কোম্পানির দর উত্থান-পতনের বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে তদন্তের নির্দেশ দিয়েছিল। এর মধ্যে বিগত ৩০ কার্যদিবস বা কম সময়ের মধ্যে যদি কোনো কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশ বাড়ে বা কমে, তার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছিল। এছাড়া বিএসইসির চিঠিতে কোনো কোম্পানির গড় লেনদেনের পরিমাণ আগের ছয় মাসের গড় লেনদেনের চেয়ে পাঁচ গুণের বেশি বাড়লে, কোনো কোম্পানির বার্ষিক বা প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশের বেশি উত্থান-পতন হলে এবং মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশের আগের ১০ কার্যদিবসে কোনো কোম্পানির দাম ও লেনদেন ৩০ শতাংশের কমবেশি হলে, সেসব কোম্পানির বিষয়েও তদন্ত করতে বলা হয়েছিল।
