ঝিনাইদহে ট্রাক নসিমন সংঘর্ষে ছয় জন নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:৪২

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চার জন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।  তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নসিমনটির অধিকাংশ আরোহী ছিলেন নির্মাণশ্রমিক।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মোনতাসিরুল ইসলাম জানান, নসিমনটি ১১ জন যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিক থেকে ঝিনাইদহের দিকে আসছিল। অপরদিক থেকে সেনা কল্যাণ সংস্থার একটি সিমেন্টবোঝাই ট্রাক যশোর থেকে ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাক ও নসিমনটি মদনডাঙ্গা নামক স্থানে পৌঁছলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নসিমনটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ছয় জন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।