ছয় অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে, আজ বিস্তার লাভ করতে পারে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:৪৬

পৌষের বিদায় লগ্নে চলতি মৌসুমে আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। উত্তুরে হিমেল হাওয়ার সঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা বিস্তার লাভ করছে বিস্তীর্ণ অঞ্চলে; দিন-রাতের তাপমাত্রাও কমছে। আগামীকাল শুক্রবার মাঘ আসছে বাঘের গায়ের শীত নিয়ে। স্থানভেদে একদিনেই তাপমাত্রা কমেছে৩-৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে দেশের ছয় অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই শৈত্যপ্রবাহ ক্রমশ সারা দেশে বিস্তার লাভ করবে। বছরের শুরুতে এটা প্রথম দফা শৈত্যপ্রবাহ। ডিসেম্বরে টানা কিছুদিন এক দফা শৈত্যপ্রবাহ ছিল। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করবে কিছু কিছু এলাকায়। সেই সঙ্গে বিস্তারও বাড়বে। সবচেয়ে শীতলতম মাস জানুয়ারির প্রায় মাঝামাঝি এসে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে গতকাল থেকে।

গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে দেশে তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাপমাত্রা কমার পাশাপাশি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঈশ্বরদীতে ৯ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিভাগীয় শহর রাজশাহীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৭ ডিগ্রি, সিলেটে ১৫ দশমিক ৪ ডিগ্রি, রংপুরে ১১ দশমিক ২ ডিগ্রি, খুলনায় ১৬ ডিগ্রি, বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দেশে দুয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ হতে              পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, গতকাল বুধবারের তুলনায় তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে আগামী দুই দিন। এরপর কিছুটা বাড়লেও শীতের আমেজ থাকবে বেশ কিছু দিন। এখন আবার উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করেছে। আগামী সপ্তাহের মাঝামাঝি গিয়ে কমে আসতে পারে শৈত্যপ্রবাহের আমেজ। তবে আগামী দু-তিন দিনের শৈত্যপ্রবাহ তীব্র মাত্রার শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার শঙ্কা নেই। রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা বেশি কমেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি চলে এসেছে। সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।