বার্ড ফ্লুর প্রাদুর্ভাব রুখতে ভারত থেকে হাঁস-মুরগি প্রবেশ রোধে সতর্কতা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০০:২৬

বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে সীমান্ত দিয়ে হাঁস-মুরগি ও পাখিজাতীয় প্রাণী যাতে প্রবেশ করতে না পারে  সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশেও এ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় বার্ড ফ্লুর সংক্রমণ রোধ করতে সীমান্ত দিয়ে হাঁস-মুরগি ও পাখিজাতীয় প্রাণীর প্রবেশ রোধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র, বাণিজ্য এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এছাড়াও যথাযথ ব্যবস্থা নিতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির বিষয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ জানান, ভারতে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব সময়ই পার্শ্ববর্তী কোনো দেশে ডিজিজ হলে মন্ত্রণালয় থেকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। যদিও ভারতের দূরের রাজ্যগুলোতে দেখা দিয়েছে, যা আমাদের সংলগ্ন না। তারপরেও জেনেটিক ডিজিজ এবং ট্রান্সবাউন্ডারি—এগুলো যাতে বাংলাদেশে না আসতে পারে, সেজন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের প্রাণী যাতে না ঢুকতে পারে—সেজন্য তাদের চিঠি দিয়েছি। তবে এখনো বাংলাদেশে বার্ড ফ্লুর প্রকোপ দেখা যায়নি বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিঠি দেয় মন্ত্রণালয়। ঐ চিঠিতে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালুকরণ এবং এ সংক্রান্ত তথ্যউপাত্ত সারা দেশ থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তা মন্ত্রণালয়কে তাত্ক্ষণিকভাবে অবহিতকরণের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশনাও দেওয়া হয়।